মাকে কুপিয়ে বঁটি নিয়ে কক্ষে শুয়ে ছিল যুবক

A+ A-
আটক মো. সুমন। ছবি: সংগৃহীত

মাদকের টাকা নিয়ে তর্কাতর্কির জেরে নারায়ণগঞ্জে মধুমালা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে ছেলে মো. সুমন। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন-সংলগ্ন উকিলবাড়ি এলাকায় হত্যার শিকার হন ওই নারী। ঘটনার পর পরই সুমনকে নিজ কক্ষ থেকে রক্তমাখা বঁটিসহ আটক করা হয়।

মধুমালা বেগম উকিলবাড়ি এলাকার নুরুল ইসলামের স্ত্রী। এ দম্পতি বাড়ির পাশেই একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। চার সন্তানের মধ্যে আটক সুমন (৩৫) দ্বিতীয় বলে জানা গেছে।

পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, সুমন দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। যে কারণে মানসিক ভারসাম্যও হারিয়েছে সে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মাদক সেবনের জন্য মা মধুমালার কাছে টাকা চায় সুমন। কিন্তু মধুমালা টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর থেকে বঁটি এনে তাঁকে এলোপাতাড়ি কোপায় সুমন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাকে হত্যার পর সুমন রক্তমাখা বঁটি হাতে নিজ কক্ষের খাটে শুয়ে ছিল। প্রতিবেশীদের কাছ থেকে ঘটনার সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে। মধুমালার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, রক্তমাখা বঁটিসহ নিহত নারীর ছেলে সুমনকে আটক করা হয়েছে। পরিবারের লোকজন তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন। এ ঘটনায় হত্যা মামলা হবে।

This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন