ভক্তের দেওয়া উপহার স্বর্ণের ব্রেসলেট যত্নে তুলে রেখেছেন মিম

A+ A-

সিনেমা হলে ‘অন্তর্জাল’। এই ছবিতে নিশাত নামের সাইবার নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সাধারণত এর আগে এমন কোনো চরিত্রে তাঁকে দেখা যায়নি। সম্প্রতি ‘দিগন্তে ফুলের আগুন’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এতে তাঁকে পান্না কায়সার চরিত্রে দেখা যাবে। বর্তমান সময়ের মিমকে এই আয়োজন

বিদ্যা সিনহা মিম|ছবি : মিমের সৌজন্যে
মিমের ফেসবুক ওয়ালে শুধুই অন্তর্জাল আর ‘অন্তর্জাল’। নানান ছবি, লেখা। মিম রেখে দিয়েছেন এসব, অনুপ্রেরণা জোগায় এসব ছবি ও লেখা। মিমের মতে, ‘জনে জনে সবার কাছ থেকে তো আর মতামত জানা সম্ভব না। তাই যেসব লেখা নজরে আসছে, পড়ছি আর টাইমলাইনে রেখে দিচ্ছি। এসব লেখা উৎসাহ, অনুপ্রেরণা ও শক্তি জোগায়।’ ২২ সেপ্টেম্বর বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবিতে মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এ বি এম সুমন, সুনেরাহ প্রমুখ।

তিনবার সিনেমা হলে

বিনোদন জগতে মিমের পথচলা শুরু লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে। নানা ধাপ পেরিয়ে অর্জন করেন চ্যাম্পিয়নের মুকুট। এরপর থেকে পেশাদার অভিনয়ে পথচলা শুরু। বড় পর্দায় শুরুতেই সুযোগ পান হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায়। এরপর একে একে দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ মুক্তি পাওয়া ‘অন্তর্জাল’ এরই মধ্যে তিন–তিনবার দর্শকের সঙ্গে প্রেক্ষাগৃহে উপভোগ করেছেন। অবশ্য এখন পর্যন্ত তাঁর অভিনীত সবচেয়ে বেশিবার দেখা সিনেমার নাম ‘আমার আছে জল’; ১০ বার দেখেছেন ছবিটি। এরপর ‘পরাণ’ ছবিটি সাতবার দেখেছেন।

বিদ্যা সিনহা মিম
|
ছবি : মিমের সৌজন্যে

মিম বলেন, ‘বিষয়টা আবার এমন না, বাধ্য হয়ে দেখেছি। ভালো লাগা থেকে বারবার ছবিগুলো দেখা।’ কথায় কথায় মিম জানান, ‘মাল্টিপ্লেক্সে ছবিটির সাড়া এককথায় দারুণ। দেশের বাইরে থেকেও ইতিবাচক সব রিভিউ পাচ্ছি। তবে সিঙ্গেল স্ক্রিনে সেভাবে জমল না ছবিটি।’ ‘অন্তর্জাল’ আরও দেখার ইচ্ছা আছে।

স্বর্ণের ব্রেসলেট উপহার

‘অন্তর্জাল’ মুক্তির প্রথম দিনে ঢাকার পান্থপথে বসন্ধুরার স্টার সিনেপ্লেক্স শাখায় প্রথম প্রদর্শনী দেখেন মিমের এক ভক্ত, পেশায় তিনি চিকিৎসক। এদিন সন্ধ্যায় দর্শকের সঙ্গে বসে ছবিটি দেখেন মিম। খবরটি জেনে সন্ধ্যায় আবার আসেন সেই ভক্ত। দেখা করেন মিমের সঙ্গে। কথা বলেন, সেলফি তোলেন। তখনো মিম জানতেন না, কী অপেক্ষা করছে। সেই ভক্ত তাঁকে একটি স্বর্ণের ব্রেসলেট উপহার দেন। ভক্তের এই উপহার বেশ যত্নে তুলে রেখেছেন মিম।

বিদ্যা সিনহা মিম
|
ছবি: দৈনিক নয়াবেলা
তিনি বলেন, ‘শুনেছি, তিনি ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক। পেশাদার অভিনয়জীবনের শুরু থেকেই তিনি আমাকে ফলো করেন। সব ছবিই দেখেছেন। আমাকে যখন ব্রেসলেট উপহার দেন, তা অবিশ্বাস্য ছিল। এমন ভালোবাসা একজন অভিনয়শিল্পীকে অনেক প্রেরণা দেয়। আমি ভীষণ উচ্ছ্বসিত। ভক্তের এই ভালোবাসা আমি পরম যত্নে রেখেছি।’

সৌভাগ্যের সেপ্টেম্বর

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় মিমের বিজয়ী হওয়ার দিনটি ৭ সেপ্টেম্বর। এরপর ‘আমার আছে জল’ দিয়ে সিনেমায় যাত্রা শুরু তাঁর। দেড় দশক পেরোনো মিম বছরখানেক ধরে নতুন করে সাফল্য বা আলোচনায় আছেন, যেটার শুরু রায়হান রাফির ‘পরাণ’ দিয়ে। এরপর ‘দামাল’ ও সম্প্রতি ‘অন্তর্জাল’-ছবিতেও নিজের ছাপ রেখেছেন। অভিনয়জীবনের দুই বছরের মাথায় সুযোগ পান দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয়ের। ‘আমার প্রাণের প্রিয়া’ নামের সেই ছবি ২০০৯ সালের ২০ সেপ্টেম্বর  মুক্তি পায়, দারুণ সফলতাও পেয়েছিল। ‘সাপলুডু’ মুক্তি পায় ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর। টালিউডে মিমের প্রথম ছবি ‘ইয়েতি অভিযান’ও মুক্তি পায় ২০১৭ সালের সেপ্টেম্বরে।

গেল আগস্টে নতুন সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ এর শুটিং শুরু করেন বিদ্যা সিনহা মিম ও মোস্তফা মন্‌ওয়ার
|
ছবি
: মিমের সৌজন্যে
তাই তো সেপ্টেম্বর সৌভাগ্যের মাস মনে করেন মিম। তিনি বলেন, ‘সেপ্টেম্বর আমার জন্য বরাবরই সৌভাগ্যের মাস। বিশেষ করে ৭ সেপ্টেম্বর, এই দিনে লাক্স চ্যানেল আই সুপারস্টার হয়ে জার্নি শুরু হয়। এই সেপ্টেম্বরে তো ১৮৪টি প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। সত্যিই এই মাসটাকে সব মিলিয়ে সৌভাগ্যের বলতে পারি।

সামনের পরিকল্পনা

প্রতিদিনই ছবি কিংবা ওটিটির কাজ নিয়ে কথা হচ্ছে; কিন্তু ব্যাটে–বলে মিলছে না বলে কাউকে এখনো হ্যাঁ করেননি বলে জানান মিম। তবে এটুকু আশ্বস্ত করলেন, যে ধরনের গল্পের প্রস্তাব আসছে, তা আমাকে আরও নতুনভাবে দর্শকের সামনে উপস্থাপন করবে।

বিদ্যা সিনহা মিম|
ছবি : মিমের সৌজন্যে

খুব শিগগিরই ‘দিগন্তে ফুলের আগুন’ চলচ্চিত্রের ডাবিং শুরু করবেন বলেও জানালেন মিম। বললেন, ‘সব মিলিয়ে অভিনয়জীবনের সুন্দর সময়ে আছি। আরও ভালো ভালো কাজ দিয়ে মানুষের মনে আরও শক্ত জায়গা করে নিতে চাই।’

This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন